মুঙ্গিয়াকামিতে বিজেপি শক্তিকেন্দ্রে হামলা — মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে উত্তেজনা চরমে

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৩ অক্টোবর || তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি বাজারে বৃহস্পতিবার সিভিল সোসাইটির ডাকা ২৪ ঘণ্টার ত্রিপুরা বনধকে ঘিরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বনধ রাজনৈতিক দল-মত নির্বিশেষে শান্তিপূর্ণভাবে পালিত হলেও বিকেলে ঘটে যায় সহিংসতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপির ২৯ কৃষ্ণপুর মণ্ডলের রামকৃষ্ণপুর শক্তিকেন্দ্রে হঠাৎ অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ, সিভিল সোসাইটির বনধ সমর্থনকারী কর্মীদের সঙ্গে থাকা কয়েকজন তিপ্রা মথা সমর্থক এই হামলার সঙ্গে জড়িত। ঘটনায় অন্তত ২৫ থেকে ৩০ জন বিজেপি কর্মী-সমর্থক আহত হন।
আহতদের তড়িঘড়ি করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এলাকাজুড়ে এখনও উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, আগামীকাল মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার মুঙ্গিয়াকামি বাজার মাঠে জনসভা হওয়ার কথা। সেই জনসভাকে ঘিরেই বৃহস্পতিবার বিকেলে বিজেপি কর্মীরা শক্তিকেন্দ্রে প্রস্তুতি সভা করছিলেন। সভায় উপস্থিত ছিলেন বিজেপির ২৯ কৃষ্ণপুর মণ্ডল মাদার কমিটির অফিস সেক্রেটারি সুরেন্দ্র দেববর্মাসহ প্রায় ৪০ জন কর্মী-সমর্থক।
অভিযোগ, সভা চলাকালীন সময়েই বনধ সমর্থনকারীরা জাতীয় সড়কের পাশে পিকেটিং করতে করতে হঠাৎই শক্তিকেন্দ্রে ঢুকে লাঠি, ইট-পাটকেল ও বাঁশ নিয়ে হামলা চালায়। এতে বহুজন আহত হন, যার মধ্যে রয়েছেন সুরেন্দ্র দেববর্মাও। পুলিশ পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রীর জনসভা বানচাল করার উদ্দেশ্যেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ইতিমধ্যে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*