আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর || রাজ্যের পর্যটন পরিকাঠামো আরও মজবুত করতে এবং ত্রিপুরাকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বুধবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা অনলাইনে উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চল (ডোনার) উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়ার সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে যোগ দেন। বৈঠকে প্রস্তাবিত ‘মাতাবাড়ি পর্যটন সার্কিট প্রকল্প’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রস্তাবিত এই সার্কিটটি চার রাত ও পাঁচ দিনের জন্য পরিকল্পিত, যেখানে অন্তর্ভুক্ত রয়েছে আগরতলা, নীরমহল, সেপাহিজলা, উদয়পুর, ছবিমুড়া এবং ডুম্বুরের মতো পর্যটনস্থল। এর মাধ্যমে ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটকদের সামনে তুলে ধরা হবে।
বৈঠকে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া প্রস্তাবটির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সার্কিটের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কেন্দ্রের আর্থিক সহায়তার আশ্বাস দেন।
মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহা বলেন, “এই উদ্যোগ ত্রিপুরার পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে, স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং রাজ্যকে উত্তর-পূর্ব ভারতের একটি সমন্বিত পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলবে।”
রাজ্য সরকারের আশা, কেন্দ্রের সহযোগিতায় এই সার্কিট বাস্তবায়িত হলে ত্রিপুরার অর্থনীতি এবং পর্যটন খাতে এক বড় পরিবর্তন আসবে।
