গোপাল সিং, খোয়াই, ১৩ নভেম্বর || ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) নির্বাহী সদস্য কমল কলাইয়ের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক তরঙ্গ। কমল কলাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এক বক্তব্যে দাবি করেন, ত্রিপুরা রাজ্য সরকার ওএনজিসি (ONGC)-র কাছ থেকে রয়্যালটি বাবদ ৫০০০ কোটি টাকা পেয়েছে।
এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন বিজেপির রাজ্য সম্পাদক ডেভিড দেববর্মা। তিনি এক বিবৃতিতে জানান, বাস্তবে ভারতের মাটিতে আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাসের মালিক ভারত সরকার নিজেই। রাজ্য সরকার শুধুমাত্র রয়্যালটি এবং কর বাবদ নির্দিষ্ট অংশ পেয়ে থাকে ওএনজিসি-র কার্যক্রম থেকে। সরকারি নথি অনুযায়ী, গত তিন আর্থিক বছরে ত্রিপুরা সরকার ওএনজিসি থেকে মোট ৩৪৯.৫৬ কোটি টাকা পেয়েছে। যার মধ্যে ২০২০-২১ অর্থবর্ষে ৮৫.৪১ কোটি, ২০২১-২২ অর্থবর্ষে ৯৩.৯৮ কোটি এবং ২০২২-২৩ অর্থবর্ষে ১৬৯.৭৫ কোটি টাকা রাজস্ব অন্তর্ভুক্ত রয়েছে।
ডেভিড দেববর্মা আরও জানান, এই অর্থের একটি ন্যায্য অংশ রাজ্য সরকারের আর্থিক নীতিমালা অনুযায়ী টিটিএএডিসি প্রশাসনের কাছেও হস্তান্তর করা হয়। তিনি মন্তব্য করেন, “একজন নির্বাচিত প্রতিনিধির কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন ও বাস্তববিহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক। রাজনীতির মঞ্চে সত্য, তথ্য ও স্বচ্ছতাই হওয়া উচিত উন্নয়নের প্রকৃত ভিত্তি।” রাজনৈতিক মহলে এই ঘটনার পর শুরু হয়েছে তীব্র আলোচনা।
