আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর || ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ট্রিট ভেন্ডরস অফ ইন্ডিয়ার উদ্যোগে এবং স্টেট ফুড সেফটি কমিশনার, ত্রিপুরার সহযোগিতায় বুধবার আগরতলায় রাস্তার খাবার বিক্রেতাদের জন্য এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল খাদ্যের মান ও নিরাপত্তা বজায় রেখে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা বিপ্লব করসহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক এবং সংগঠনের সদস্যবৃন্দ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্ট্রিট ফুড ভেন্ডরদের খাদ্য প্রস্তুতি, সংরক্ষণ ও পরিবেশন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
আয়োজকরা জানান, রাজ্যের বিভিন্ন এলাকায় কর্মরত রাস্তার খাবার বিক্রেতাদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে খাদ্যজনিত রোগ প্রতিরোধ ও নিরাপদ খাদ্য সংস্কৃতি গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
