আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর || যুব সমাজের ঐক্য ও সৃজনশীলতাই দেশের রূপান্তরের মূল শক্তি—এই বার্তাকে সামনে রেখে শুক্রবার জমকালো আয়োজনে শুরু হল ৪র্থ আন্তর্জাতিক যুব উৎসব ‘হেরিটেজ ফেস্ট ২০২৫’। এদিন সন্ধ্যায় আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এই উৎসবের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “দেশের প্রায় ৬০ শতাংশ শক্তি যুবসমাজের হাতে। তাঁদের উদ্যম, প্রতিভা ও নেতৃত্বই ভারতকে এগিয়ে নিয়ে যাবে বিশ্বমঞ্চে।” তিনি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো দিশায় ত্রিপুরার যুবকদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বগুণ, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবকল্যাণ মন্ত্রী টিংকু রায়, আয়োজক সংস্থার সভাপতি দেবাশিষ মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। তারা তরুণ প্রজন্মকে ঐতিহ্য, উদ্ভাবন ও আন্তর্জাতিক সৌহার্দ্যের মাধ্যমে এক নতুন প্রগতির পথে এগিয়ে চলার আহ্বান জানান।
বহু দেশ এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণকারী তরুণ–তরুণীদের সমাগমে উৎসবমঞ্চ হয়ে ওঠে সংস্কৃতি, উদ্যম ও সৃজনশীলতার মিলনক্ষেত্র। নাচ–গান, লোকসংস্কৃতি, শিল্পকলা, আলোচনা সভা এবং ঐতিহ্যবাহী আবহে সাজানো এই আন্তর্জাতিক উৎসব আগামী কয়েক দিন শহরের সাংস্কৃতিক পরিবেশকে করবে আরও প্রাণবন্ত।
