আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর || রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষীদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতে ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে বিশ্ব মৎস্য দিবস পালিত হলো আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।
মন্ত্রী সুধাংশু দাস এদিন তাঁর বক্তব্যে বলেন, রাজ্যের প্রকৃত মৎস্য চাষীদের হাতে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। মৎস্যচাষে আধুনিক পদ্ধতি, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করলে কৃষকরা আরও বেশি উদ্যোগী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, দপ্তরের নানামুখী কর্মসূচির ফলে রাজ্যের বহু মৎস্যচাষী আজ আর্থিকভাবে সাবলীল হয়ে উঠছেন। ভবিষ্যতে আরও নতুন প্রকল্প ও সুবিধা চালু করে রাজ্যের মৎস্য খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্য সরকারের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা, বিভিন্ন জেলার মৎস্যচাষীরা এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা। উদযাপন উপলক্ষে মৎস্য চাষীদের হাতে বিভিন্ন সহায়তা ও উপকরণ তুলে দেওয়া হয়।
মৎস্য দপ্তরের এই উদ্যোগে রাজ্যের মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকদের আয়ের নতুন সম্ভাবনা তৈরি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
