গোপাল সিং, খোয়াই, ২৭ নভেম্বর || বৃহস্পতিবার সকালেই খোয়াই থানাধীন লালছড়া ১০-ওয়ার্ড এলাকায় TR01B1215 নম্বরের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কের উপর দূর্ঘটনার কবলে পড়ে। আহত হন বাস চালক নিতাই পাল, যাকে দ্রুত খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ীতে ঢুকে পড়ে। কিন্তু আম গাছে ধাক্কা খায়। প্রত্যক্ষদর্শীদের মতে যদি আম গাছটিতে ধাক্কা না খেত তবে সেই বাড়ীর ঘরেই সজোরে ধাক্কা দিত এবং প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারতো। অল্পেতে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলো স্থানীয় ঐ বাড়ির লোকজন।
এদিকে বাস মালিক ইন্দ্রজিৎ সাহার অভিযোগ, রাস্তায় যত্রতত্র পড়ে থাকা নুড়ি-পাথর এবং একটি বাইককে পাশ কাটানোর চেষ্টার সময়ই ঘটে এই দূর্ঘটনা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই খোয়াইয়ের মূল সড়কে নুড়ি-পাথর ও মাটির স্তুপ পড়ে থাকার কারণে বারবার ঘটছে দুর্ঘটনা, অথচ প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। ফলস্বরূপ ক্ষুব্ধ বাস মালিক ও এলাকাবাসী। এদিকে দূর্ঘটনাগ্রস্ত বাস এবং ছড়িয়ে থাকা নুড়ি-পাথরের কারণে ব্যাহত হচ্ছে যানচলাচল, বিশেষ করে স্কুল-কলেজের ঠিক পাশে হওয়ায় বাড়ছে ঝুঁকি।
