আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জানুয়ারি || চলমান ৪৪’তম আগরতলা বইমেলায় এক ব্যতিক্রমী সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে নেক্সটচ্যাপ্টার একাডেমির বিশেষ বই স্টল। ত্রিপুরার যুবসমাজ ও উদীয়মান উদ্যোক্তাদের মধ্যে স্টার্টআপ সংস্কৃতি ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন উদ্যোক্তা ও শিক্ষাবিদ ড. জয়ন্ত ঘোষ। বই স্টলে তাঁর রচিত একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে সদ্য প্রকাশিত “Built Not Born” বইটি পাঠকদের বিশেষ আকর্ষণ কেড়েছে। পাশাপাশি “The Winner Is a Dreamer” এবং “Owls & Eagles: The Art of Case Studies” বই দুটিও পাঠকদের মধ্যে সাড়া ফেলেছে।
ড. জয়ন্ত ঘোষ জানান, ত্রিপুরায় উদ্যোক্তা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সঠিক দিকনির্দেশনা, মানসিক প্রস্তুতি ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এখানকার যুবসমাজ নিজেদের উদ্যোগ গড়ে তুলতে সক্ষম। এই বই স্টলের মাধ্যমে উদ্যোক্তাকে একটি বাস্তবসম্মত ও সম্মানজনক পেশা হিসেবে তুলে ধরাই নেক্সটচ্যাপ্টার একাডেমির প্রধান উদ্দেশ্য।
বইমেলায় আগত পাঠক, ছাত্রছাত্রী ও তরুণদের মধ্যে এই স্টল ঘিরে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। উদ্যোক্তা জীবন, নেতৃত্বগুণ ও বাস্তব অভিজ্ঞতাভিত্তিক বিষয়বস্তুর জন্য বইগুলো পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
নেক্সটচ্যাপ্টার একাডেমির এই উদ্যোগ ত্রিপুরার উদীয়মান স্টার্টআপ ও উদ্যোক্তা পরিবেশকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্ট মহলের আশা।
