আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর || বিমানবন্দরে এক অটোচালক ও ডাক্তারি পড়ুয়া এক ছাত্রীর মধ্যে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে অভিযোগ-পাল্টা অভিযোগ। বিষয়টি নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাল ওয়েস্ট ত্রিপুরা অটো-রিকশা মজদুর সংঘের ঊষাবাজার শাখা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের ঊষাবাজার শাখার সভাপতি সুখময় চৌধুরী, সম্পাদক অসিত দাস এবং ডিস্ট্রিক্ট সাধারণ সম্পাদক লিটন মোদক-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে গতকাল বিমানবন্দরে অটোচালক ও ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মধ্যে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরা হয়। সংগঠনের সদস্যদের দাবি, ঘটনাটিকে ঘিরে ইতিমধ্যেই দুই পক্ষের তরফে অভিযোগ ও পাল্টা অভিযোগ সামনে এসেছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, কোনো একটি পক্ষের বক্তব্যের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। ঘটনার প্রকৃত কারণ ও সত্যতা উদঘাটনের জন্য উভয় পক্ষের বক্তব্য গুরুত্ব সহকারে বিবেচনা করে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন।
এদিন সাংবাদিক সম্মেলন থেকে প্রশাসনের কাছে আবেদন জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দুই পক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগ খতিয়ে দেখে যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করা হয়। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসুক—এটাই তাদের দাবি।
