গোপাল সিং, খোয়াই, ০৮ সেপ্টেম্বর || টিটিএএডিসি (TTAADC) ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পদ্মবিল ও তুলাশিখর আরডি ব্লকে বাম প্রার্থীদের ওপর হামলা এবং মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার গুরুতর অভিযোগ তুলল সিপিআই(এম)। ঘটনাকে কেন্দ্র করে খোয়াইয়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
বুধবার খোয়াই জেলা সিপিআই(এম) কার্যালয়ে আয়োজিত এক জরুরি সাংবাদিক সম্মেলনে দলের জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা অভিযোগ করেন, শাসকজোটের দুষ্কৃতীরা বাম প্রার্থীদের ঘিরে ধরে হামলা চালায়। তাঁদের কাছ থেকে মনোনয়ন সংক্রান্ত কাগজপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ করা হয়। ফলে বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা না দিয়েই ফিরে যেতে বাধ্য হয়েছেন বলে দাবি বাম নেতৃত্বের।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, তুলাশিখর ব্লকের বিএসি (BAC) চেয়ারম্যান প্রদীপ দেববর্মা সরাসরি রিটার্নিং অফিসারের (RO) ঘরে বসে প্রশাসনিক কাজকর্ম নিয়ন্ত্রণ করেছেন। এই ঘটনায় নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে সিপিআই(এম)।
নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে বাম নেতৃত্ব। ইতিমধ্যেই অভিযোগের বিষয়টি লিখিতভাবে খোয়াই জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআই(এম) মহকুমা সম্পাদক নির্মল বিশ্বাস এবং জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মনোজ দাস ও কানন দত্ত।
বাম নেতৃত্বের দাবি, যেসব এলাকায় তাঁদের প্রার্থীরা ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিতে সক্ষম হয়েছেন, তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি আসন্ন স্ক্রুটিনির দিন প্রার্থীরা যাতে কোনও বাধা ছাড়াই সংশ্লিষ্ট বিডিও অফিসে উপস্থিত হয়ে প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশি নিরাপত্তার জোরালো দাবি জানানো হয়েছে।
তবে এই অভিযোগগুলির বিষয়ে প্রশাসন বা শাসকজোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত পরিস্থিতি নিয়ে এখন প্রশাসনিক তদন্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।
