নাবালিকা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, বসতঘর থেকে উদ্ধার দেহ; তদন্তে পুলিশ

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৮ সেপ্টেম্বর || দক্ষিণ ত্রিপুরার সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডের বসাক পাড়ায় এক নাবালিকা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রীটি ১৪ বছর বয়সী এবং সাব্রুমের পিএমশ্রী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রী বিশ্বজিৎ বসাকের বাড়িতে থাকত। মঙ্গলবার সকালে দীর্ঘ সময় ঘুম থেকে না ওঠায় বাড়ির মালিক বিশ্বজিৎ বসাক ঘরের দরজায় ডাকাডাকি ও ধাক্কা দেন। কিন্তু কোনও সাড়া না পাওয়ায় তাঁর সন্দেহ হয়। পরে দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে ছাত্রীকে মৃত অবস্থায় দেখতে পান বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে মৃত ছাত্রীর বাবা ঘটনাস্থলে ছুটে আসেন। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে, সকালে কীভাবে তিনি বিষয়টি জানতে পারেন, সে সম্পর্কে বাড়ির মালিক বিশ্বজিৎ বসাক জানান, ঘরের দরজা বন্ধ দেখে বেশ কয়েকবার ডাকাডাকি ও দরজায় ধাক্কা দেন। কোনও সাড়া না পেয়ে জোরে দরজায় ধাক্কা দেওয়ার পর তিনি ঘরের ভিতরে ছাত্রীকে মৃত অবস্থায় দেখতে পান বলে জানান।
মৃত ছাত্রীর মা’ও মেয়ের মৃত্যুকে ঘিরে তাঁদের বক্তব্য জানিয়েছেন। তবে ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশি তদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*