আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর || ফিজিওথেরাপি ও পুনর্বাসনের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আগরতলায় এক সচেতনতা র্যালির আয়োজন করা হয়। ফিজিওথেরাপিস্ট, চিকিৎসাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব এবং বিশিষ্ট অতিথিদের অংশগ্রহণে আয়োজিত এই র্যালি শহরে বিশেষ বার্তা বহন করে।
রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হওয়া সচেতনতা র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা, শারীরিক সক্ষমতা বজায় রাখা এবং বিভিন্ন শারীরিক সমস্যার ক্ষেত্রে পুনর্বাসনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরির বার্তা তুলে ধরেন।
অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট জিমনাস্টিক কোচ ও ব্যক্তিত্ব বিশ্বেশ্বর নন্দী উপস্থিত ছিলেন। এছাড়াও ফিজিওথেরাপিস্ট এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা র্যালিতে অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে ফিজিওথেরাপির বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বলা হয়, রোগ বা শারীরিক সমস্যার পর সুস্থ জীবনে ফিরে আসার ক্ষেত্রে ফিজিওথেরাপি ও পুনর্বাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে আরও সচেতনতা বৃদ্ধি করাই এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য।
