বলরাম দেবনাথ, সাব্রুম, ০৯ সেপ্টেম্বর || শিক্ষকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুরস্কার লাভ করে সাবরুমের গর্ব আরও বৃদ্ধি করেছেন পিএমশ্রী সাবরুম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ। তাঁর এই গৌরবময় সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। রাষ্ট্রপতি পুরস্কার অর্জনের এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথকে ফুল, উত্তরীয় ও শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে সংবর্ধিত করা হয়। দীর্ঘদিন ধরে নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও পরিকাঠামোগত উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শংকর রায়, সাতচাঁদের ভারপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক নন্দলাল দাস, পিএমশ্রী সাবরুম দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সহ অন্যান্য বিশিষ্ট অতিথি, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষকের কাছে রাষ্ট্রপতি পুরস্কার অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি স্বীকৃতি। রঞ্জন দেবনাথের এই অর্জন শুধুমাত্র তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি সাবরুমের শিক্ষা জগতের কাছেও গর্বের বিষয়। তাঁর এই সম্মান আগামী দিনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং নতুন প্রজন্মকে শিক্ষা ও সমাজের প্রতি আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।
এদিনের সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। রাষ্ট্রপতি পুরস্কার অর্জনের জন্য রঞ্জন দেবনাথকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান উপস্থিত সকলে। তাঁর নেতৃত্বে পিএমশ্রী সাবরুম দ্বাদশ শ্রেণি বিদ্যালয় আগামী দিনে শিক্ষাক্ষেত্রে আরও সাফল্যের শিখরে পৌঁছাবে—এমনই প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা।
