শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে চুরি যাওয়া ব্যাটারি চালিত অটো উদ্ধার, পুলিশের তৎপরতায় স্বস্তি মালিকের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ সেপ্টেম্বর || শান্তিরবাজার জেলা হাসপাতাল চত্বর থেকে চুরি হয়ে যাওয়া একটি ব্যাটারি চালিত অটো উদ্ধার করেছে শান্তিরবাজার থানার পুলিশ। পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া অটোগাড়িটি বুধবার আইনি প্রক্রিয়া শেষে মালিকের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে TR-08-A-331 নম্বরের একটি ব্যাটারি চালিত অটোগাড়ি চুরি হয়ে যায়। বিষয়টি জানতে পেরে শান্তির বাজার থানার পুলিশ দ্রুত অটোগাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করে।
তদন্তের সূত্র ধরে সাব্রুম মহকুমার মনু থানার পুলিশের সহযোগিতায় উত্তর ভুরাতলী এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই চুরি যাওয়া অটোগাড়িটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার উদ্ধার হওয়া অটোগাড়িটি তার মালিকের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের দ্রুত পদক্ষেপে চুরি যাওয়া গাড়ি ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন অটোর মালিক।
এদিকে শান্তির বাজার মহকুমায় সাম্প্রতিক সময়ে বাইকের পাশাপাশি বিভিন্ন যানবাহন চুরির ঘটনাও বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*