আধুনিক গ্রামীণ বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন, ২.২০ কোটি টাকার প্রকল্পে কর্মসংস্থানের নতুন দিগন্ত: বললেন বিধায়ক রঞ্জিত দেববর্মা ও মন্ত্রী রতনলাল নাথ

গোপাল সিং, খোয়াই, ১২ জানুয়ারি || খোয়াই জেলার ২৪-রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছানখলা বাজারে একটি আধুনিক গ্রামীণ বাজার গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এই প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রঞ্জিত দেববর্মা, ইএম সুহেল দেববর্মা, বিএসি চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা সহ দপ্তরের আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, ছানখলা বাজারে একটি নতুন বাজার স্টল নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি ছিল। সেই দাবির ভিত্তিতেই এই প্রকল্পের আবেদন করা হয়। প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই বাজারে দুটি তলায় আধুনিক স্টল থাকবে এবং পাশাপাশি একটি খোলা বাজারের শেডও নির্মাণ করা হবে। তাঁর মতে, এই বাজার চালু হলে এলাকার বহু বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে।
কৃষিমন্ত্রী রতনলাল নাথ তাঁর বক্তব্যে বলেন, ত্রিপুরায় গ্রামীণ বাজার পরিকাঠামোর উন্নয়নে এই প্রকল্প একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রাথমিক গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের জন্য উন্নত মানের বিপণন ব্যবস্থা গড়ে তোলা, ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করাই সরকারের মূল লক্ষ্য। এই ধরনের বাজার কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির সুযোগ দেবে, ফলে মধ্যস্বত্বভোগীর উপর নির্ভরতা কমবে।
মন্ত্রী আরও বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে এবং স্থানীয় কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতিও বিতরণ করা হয়, যাতে আধুনিক কৃষি পদ্ধতি গ্রহণে তারা আরও উৎসাহিত হন। অনুষ্ঠানে বেনিফিসিয়ারিদের কৃষি সামগ্রী ও যন্ত্রাংশ তুলে দেওয়া হয়। ট্র্যাক্টরও প্রদান করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*