ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নে বড় পদক্ষেপ, ১৫ দিনের মধ্যে জনজাতিদের জমি অধিকারের রূপরেখা

গোপাল সিং, খোয়াই, ০৬ সেপ্টেম্বর || ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বড়সড় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্য সরকার ও তিপ্রা মথা নেতৃত্বের উচ্চপর্যায়ের বৈঠকের পর চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া আরও গতি পেয়েছে বলে দাবি করেছেন তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা।
বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, ১৯৬০ সালের ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন খতিয়ে দেখে জনজাতিদের জমির অধিকার সংক্রান্ত একটি খসড়া রূপরেখা আগামী ১৫ দিনের মধ্যে প্রস্তুত করা হবে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জমির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে অতি শীঘ্রই একটি উচ্চপর্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধি দল ত্রিপুরা সফরে আসবে বলেও জানানো হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বস্ত করেছেন, চলতি সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যেই ষষ্ঠ তপশিলের আওতায় ভূমির অধিকার সংক্রান্ত প্রয়োজনীয় আইনি বিধি এবং সংশ্লিষ্ট দলিল প্রদানের কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
নয়াদিল্লিতে প্রায় ৯০ মিনিট ধরে চলে এই গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা, মন্ত্রী বৃষকেতু দেববর্মা এবং কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা।
এদিকে, আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি একজোট হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে নির্বাচনী সমন্বয়ের পাশাপাশি ত্রিপাক্ষিক চুক্তির দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
ত্রিপাক্ষিক চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলি দ্রুত বাস্তবায়িত হলে জনজাতি অধ্যুষিত এলাকায় ভূমির অধিকার ও প্রশাসনিক ব্যবস্থাপনায় তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*