অসম বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা সফরে এসে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন অদমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি || সামনেই অসম বিধানসভা নির্বাচন। যেকোনো শুভ কাজ শুরুর আগে দেবীর আশীর্বাদ গ্রহণ করাই তাঁর বিশ্বাস। সেই লক্ষ্যেই ত্রিপুরা সফরে এসে রাজ্যের ঐতিহ্যবাহী ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
বৃহস্পতিবার বিকেলে রাজ্য সফরে এসে আগরতলার এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন অসমের মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী কিশোর বর্মন, প্রদেশ বিজেপি সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্যসহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
এরপর রাজ্য সফরের অংশ হিসেবে তিনি উদয়পুরে অবস্থিত ত্রিপুরার প্রসিদ্ধ ত্রিপুরেশ্বরী মন্দিরে যান এবং মায়ের দর্শন ও পুজো অর্পণ করেন। মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, মায়ের মন্দিরে আসার জন্য আলাদা কোনো কারণের প্রয়োজন হয় না—শুধুমাত্র দর্শনের উদ্দেশ্যেই তিনি এখানে এসেছেন। নতুন রূপে মাতাবাড়ি সেজে ওঠার পর এই প্রথম তাঁর মন্দির দর্শন বলেও জানান তিনি।
এদিন তিনি ত্রিপুরেশ্বরী মন্দিরের সৌন্দর্যায়নের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি বলেন, অসমের নির্বাচন সামনে রেখে যেকোনো শুভ কাজের আগে মায়ের আশীর্বাদ গ্রহণ করাই তাঁর রীতি, সেই কারণেই এই সফর।
তবে এই রাজ্য সফরে কোনো রাজনৈতিক আলোচনা করবেন না বলেও স্পষ্ট করেন অসমের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এই মুহূর্তে তিনি ত্রিপুরার রাজনীতি নিয়ে ভাবছেন না। যদিও সৌজন্য সাক্ষাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে বলে জানান তিনি। উল্লেখ্য, আজ রাজ্যেই অবস্থান করবেন হিমন্ত বিশ্বশর্মা। আগামীকাল সকালে তিনি অসমের উদ্দেশ্যে রওনা দেবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*