আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি || বোধজং স্কুল অ্যালামনির উদ্যোগে রবিবার বোধজং স্কুল প্রাঙ্গণে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো অ্যালামনির ১৯তম পুনর্মিলন উৎসব। বহু প্রাক্তন ছাত্রছাত্রীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, বোধজং স্কুল অ্যালামনি সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকে। বৃদ্ধাশ্রমে সহায়তা প্রদান, মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদানসহ সমাজকল্যাণমূলক নানা উদ্যোগে অ্যালামনি নিরলসভাবে কাজ করে চলেছে।
এদিনের পুনর্মিলন উৎসবে অ্যালামনির পক্ষ থেকে আরও এক গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব গ্রহণের ঘোষণা করা হয়। স্কুলে বর্তমানে পাঠরত দুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও অতিথিবৃন্দ অ্যালামনির ভূয়সী প্রশংসা করেন। সমগ্র অনুষ্ঠানটি সৌহার্দ্য, স্মৃতিচারণ ও সামাজিক অঙ্গীকারের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
