আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি || ধলেশ্বরস্থিত ব্লু লোটাস ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে একাধিক সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ। চলতি বছর ক্লাবটি তাদের ৫৫তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এই উপলক্ষে রবিবার, ১৮ই জানুয়ারি ক্লাব প্রাঙ্গণে এক দিবসীয় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এই স্বাস্থ্য শিবির চলেছে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা সহ প্রয়োজনীয় রোগ নির্ণয় করা হয় এবং আগতদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সকাল থেকেই ধলেশ্বর ও আশপাশের এলাকার বহু মানুষ এই শিবিরে এসে স্বাস্থ্য পরিষেবার সুবিধা গ্রহণ করেন।
ক্লাব কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী ২৩শে জানুয়ারি থেকে ২৭শে জানুয়ারি পর্যন্ত নানাবিধ সমাজসেবামূলক ও সাংস্কৃতিক কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। এদিনের স্বাস্থ্য শিবিরের সার্বিক আয়োজন ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ক্লাব সদস্য সুকান্ত ঘোষ।
ক্লাবের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা এবং ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
