সমাপ্তি হল টিজিটিএ (এইচ বি রোড)-এর রাজ্য পরিষদের দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ সভা

গোপাল সিং, খোয়াই, ১৮ জানুয়ারি || খোয়াইয়ে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি (এইচ বি রোড)-এর রাজ্য পরিষদের দুই দিনব্যাপী সভা অনুষ্ঠিত হলো শনিবার ও রবিবার। সংগঠনের খোয়াই বিভাগীয় কার্য্যালয় ‘শিক্ষক ভবন’-এ আয়োজিত এই সভায় রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
শনিবার সন্ধ্যায় প্রতিনিধি অধিবেশন উদ্বোধন করে বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক নির্মল বিশ্বাস। তিনি রাজ্যের সামগ্রিক গণআন্দোলনের বিকাশে শিক্ষক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাঁর বক্তব্যে বলেন, রাজ্য ও কেন্দ্রের সরকার শ্রমিক, শিক্ষক, কর্মচারীসহ সর্বস্তরের শ্রমজীবী মানুষের ওপর ক্রমাগত আক্রমণ নামিয়ে আনছে, যার ফলে জীবন ও জীবিকা বিপন্ন হয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে চলমান লড়াই-সংগ্রামকে আগামী দিনে আরও তীব্র ও সংগঠিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
প্রতিনিধি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি বৃহত্তর অংশের শিক্ষক-শিক্ষিকাদের কাছে সংগঠনকে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং সময়োপযোগী কর্মসূচি গ্রহণের কথা বলেন।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ চৌধুরী সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন। এই প্রতিবেদনের ওপর বিভিন্ন বিভাগীয় কমিটির পক্ষে মোট বাইশজন প্রতিনিধি আলোচনায় অংশ নেন। এছাড়াও আয়-ব্যয়ের হিসাব, শিক্ষা প্রবাহ, সোশ্যাল মিডিয়া, শিক্ষিকা, সাংস্কৃতিক ও শারীর শিক্ষা বিষয়ক সাব-কমিটির রিপোর্ট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। রাজ্য পরিষদের সভায় সাংগঠনিক প্রস্তাব ও আগামী আন্দোলনের কর্মসূচিও অনুমোদিত হয়। মহিলা ক্ষমতায়নের দাবিতে, নারী নির্যাতনের বিরুদ্ধে, শিক্ষক-কর্মচারীদের ওপর জোট সরকারের মদতপুষ্ট সন্ত্রাসী হামলা, আর্থিক বঞ্চনা ও নেশার রমরমার বিরুদ্ধে একাধিক মৌলিক প্রস্তাব গৃহীত হয়।
সভায় প্রতিনিধিরা বিভিন্ন স্কুলে চলমান শিক্ষক সংকট, বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিভিন্ন সময়ের অবাস্তব নির্দেশের ফলে ছাত্র-শিক্ষকের স্বার্থ ক্ষুণ্ণ হওয়া, স্কুলে শাসকদলীয় মণ্ডল নেতৃত্বের অনৈতিক হস্তক্ষেপ, রোমান হরফে পরীক্ষা সংক্রান্ত জটিলতা, আক্রোশমূলক বদলি, পাঠ্যবই ও স্কুলড্রেস সরবরাহে দীর্ঘ বিলম্ব এবং বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত স্কুলগুলোর নানা সমস্যার কথা তুলে ধরেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিধায়ক অশোক মিত্র, বিধায়ক সুদীপ সরকার, প্রস্তুতি কমিটির আহ্বায়ক তথা সংগঠনের খোয়াই বিভাগীয় কমিটির সম্পাদক দুলাল আচার্য্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*