প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পূজাকে ঘিরে কড়া নিরাপত্তা বলয়—পুলিশ–বিএসএফের যৌথ ভেহিকল চেকিং

গোপাল সিং, খোয়াই, ২২ জানুয়ারি || একই দিনে সরস্বতী পূজা ও ২৩শে জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসু জয়ন্তী, তার পরেই ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস—জাতীয় দিবস ও বাগদেবীর আরাধনায় খোয়াই জেলায় এখন উৎসবের আমেজ তুঙ্গে। এই আনন্দঘন পরিবেশের মধ্যেই যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার খোয়াই জুড়ে যৌথ ভেহিকল চেকিং অভিযান চালায় খোয়াই পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক ডি কুদিয়ারাসু’র নেতৃত্বে এই অভিযানে অংশ নেন খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার এবং বিএসএফের ১০৪ ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট সুরিয়াভান সিং। ডগ স্কোয়াডের সহযোগিতায় খোয়াই ধলাবিল, সুভাষপার্ক বাজার সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও শহরতলীতে ব্যাপক তল্লাশি চালানো হয়।
ভেহিকল চেকিং চলাকালীন যানবাহনের কাগজপত্র, যাত্রীদের পরিচয় এবং সন্দেহজনক গতিবিধির উপর বিশেষ নজর রাখা হয়। উৎসব ও জাতীয় দিবসকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত কোনও ফাঁকফোকর যাতে না থাকে, সেদিকেই প্রশাসনের মূল লক্ষ্য।
এ বিষয়ে খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার সাংবাদিকদের জানান, ২৩শে জানুয়ারি নেতাজী জয়ন্তী, ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতী পূজা উপলক্ষে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতেই এই যৌথ ভেহিকল চেকিংয়ের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত সংলগ্ন বিস্তৃত এলাকাতেও নিয়মিত চেকিং ও পেট্রোলিং অব্যাহত রয়েছে।
সব মিলিয়ে, উৎসবের আনন্দ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে উপভোগ করতে পারেন সাধারণ মানুষ—সেই লক্ষ্যেই খোয়াই জেলায় প্রশাসনের এই তৎপরতা বলে মনে করছেন সচেতন মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*