সাব্রুমে ৮ নম্বর জাতীয় সড়কের পাশে গুরুতর আহত যুবক উদ্ধার, রেফার গোমতী জেলা হাসপাতালে

বলরাম দেবনাথ, সাব্রুম, ২৯ অক্টোবর || দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কের গোডাউন টিলা এলাকায় রাস্তার পাশে বাইকসহ গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। আহত যুবকের নাম সৌরভ বিশ্বাস (২৭)। তাঁর বাড়ি সাব্রুমের দমদমা এলাকায়। তাঁর পিতার নাম খগেন্দ্র বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন সৌরভ। কিন্তু রাত পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। এরপর আজ ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা গোডাউন টিলার কাছে জাতীয় সড়কের পাশে বাইকসহ তাঁকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা সাব্রুম ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌরভের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। কর্তব্যরত চিকিৎসক শুভ্রদ্বীপ দাস প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চিকিৎসক শুভ্রদ্বীপ দাস জানান, আহত যুবকের মাথায় চোট রয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে কীভাবে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। বাইক দুর্ঘটনার জেরে তিনি আহত হয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বিস্তারিত তথ্য তদন্তের পরই সামনে আসতে পারে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*