আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি || রাজ্যের বর্তমান সরকার জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে সকল মানুষের উন্নয়নে কাজ করছে এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর অগ্রগতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে—এ কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। বৃহস্পতিবার আগরতলার প্রজ্ঞাভবনে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত ম্যারিট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের উদ্বোধনে তিনি এই বক্তব্য রাখেন।
মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার আলো ছাড়া অজ্ঞতার অন্ধকার দূর করা সম্ভব নয়। সংখ্যালঘু অংশের ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত শিক্ষার সঙ্গে আরও বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে বৃত্তি প্রদান, মাদ্রাসার পরিকাঠামো উন্নয়ন এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, সংখ্যালঘু আদর্শ গ্রাম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এবারের বাজেটে স্কলারশিপের জন্য ৯ কোটি ২২ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিধায়ক তফাজ্জল হোসেন সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে রাজ্যের গৌরব বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ কৃতি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের চিফমিনিস্টার্স মাইনোরিটি অ্যাওয়ার্ডস, বেগম রোকেয়া গোল্ড মেডেল ও মৌলানা আবুল কালাম ম্যারিট অ্যাওয়ার্ডস প্রদান করেন। পাশাপাশি দুটি নতুন হোস্টেলের ভার্চুয়াল উদ্বোধন, ঋণ ও খেলার সামগ্রী বিতরণ এবং একটি বুকলেটের আবরণ উন্মোচন করা হয়।
