গোপাল সিং, খোয়াই, ২৩ জানুয়ারি || সরস্বতী পূজার পবিত্র বিকেলেই উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহরের প্রাণকেন্দ্র। শহরের কাতাল দিঘিরপার এলাকায় আচমকা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যেই এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। সংঘর্ষে আহত হন কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ। পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালানো হয় যুব মোর্চা জেলা সভাপতি অরূপ ধরের বাড়িতে।
অভিযোগ, সংঘর্ষের জেরে কাতাল দিঘিরপারে অবস্থিত শাসকদলের একটি অঘোষিত কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। আগুন ও ভাঙচুরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালানো হয় এবং প্রয়োগ করা হয় লাঠিচার্জ।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছান জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর, মহকুমা আধিকারিক রাগুল এ, কৈলাসহর থানার ওসি তাপস মালাকার সহ বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় এস আর ও এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকা থমথমে। অতিরিক্ত পুলিশি নজরদারি জারি রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সংঘর্ষের পেছনের কারণ ও দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
