গোপাল সিং, খোয়াই, ২৮ জানুয়ারি || ২৮ জানুয়ারি বুধবার সকাল ১১টায় সাব্রুমের আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রাম করিমাটিলায় ১২১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের উদ্যোগে একটি সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সীমান্ত এলাকার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শ্রীনগর সীমান্ত এলাকার দরিদ্র ও প্রান্তিক জনগণের মধ্যে শীতবস্ত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, পড়াশোনার উপকরণ এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এই সহায়তায় উপকৃত হন শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১২১ বিএসএফের টু-আইসি রাজেশ কুমার যাদব সহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডাররা। বিএসএফ আধিকারিকরা জানান, সীমান্ত এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং তাদের মৌলিক প্রয়োজনে পাশে দাঁড়ানোই এই সিভিক অ্যাকশন প্রোগ্রামের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, প্রতিবছরই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তবর্তী গ্রামগুলিতে এ ধরনের সিভিক অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করে থাকে। এর মাধ্যমে একদিকে যেমন মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়, তেমনি সীমান্তবাসীর সঙ্গে বাহিনীর বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হয়—এমনটাই মত স্থানীয়দের।
