গোপাল সিং, খোয়াই, ২৮ জানুয়ারি || সমাজকে নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে খোয়াই থানার উদ্যোগে আজ সিঙ্গিছড়ার শরৎচন্দ্র উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একটি বিশেষ ‘প্রয়াস’ বিট মিটিং। খোয়াই থানার অফিসার-ইন-চার্জ কৃষ্ণধন সরকার–এর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও সহযোগিতার সেতুবন্ধন আরও মজবুত হলো।
অনুষ্ঠানে মূলত চারটি গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুকে সামনে রেখে আলোচনা করা হয়— মহিলা সুরক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন, নিরাপদ ড্রাইভিং অভ্যাস, সাইবার অপরাধ প্রতিরোধ।
এই সচেতনতা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এসএমসি চেয়ারম্যান সুবল নাথ, পশ্চিম সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল দেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিসুজিৎ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষজনের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বিশেষভাবে তুলে ধরা হয় “Say No to Drugs” বার্তা, যেখানে মাদকাসক্তির ভয়াবহ পরিণতি ও তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বালিকা মঞ্চ–এর মাধ্যমে কিশোরী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নিরাপত্তা ও সচেতনতার বার্তাও তুলে ধরা হয়।
পুরো কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও আইন মেনে চলার মানসিকতা আরও জোরদার হয়। খোয়াই পুলিশের এই ‘প্রয়াস’ কর্মসূচি যে সমাজ গঠনে এক ইতিবাচক ভূমিকা রাখছে, তা আবারও স্পষ্ট হয়ে উঠল।
