গোপাল সিং, খোয়াই, ২৯ জানুয়ারি || খোয়াই শহরে জুয়া খেলার বিরুদ্ধে পুলিশের তৎপরতা আরও জোরদার। গোপন সূত্রে খবর পেয়ে সুভাষপার্ক পুলিশ আউটপোস্টের ইনচার্জ রঞ্জিত সরকার–এর নেতৃত্বে বুধবার রাত প্রায় ১০টা ৩০ মিনিটে অফিসটিলা ঘোষপাড়ায় অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অফিসটিলা ঘোষপাড়ায় মনি ঘোষের বাড়িতে জুয়া খেলার আসর বসেছে—এমন সংবাদের ভিত্তিতে মহিলা থানা ও সুভাষপার্ক আউটপোস্টের যৌথ দল সেখানে হানা দেয়। অভিযানে ৭১০ টাকা নগদ অর্থ ও জুয়া খেলার তাস উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। ধৃতরা হলো স্বপন সাহা (৫৯), পিতা প্রয়াত দীনেশ সাহা, বাড়ি অফিসটিলা, শিবশঙ্কর কর (৩২), পিতা অরুণ কর, বাড়ী লালছড়া, চিন্ময় সূত্রধর (৩৫), পিতা মনি লাল সূত্রধর, বাড়ী লালছড়া এবং ধ্রুব ঘোষ (২৮), পিতা প্রয়াত রঞ্জিত ঘোষ, বাড়ী অফিসটিলা।
এই ঘটনায় ফের একবার খোয়াই শহরে জুয়া খেলার রমরমা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোহিনুর মাছ বাজারসহ শহরের একাধিক এলাকায় নিয়মিত বড় অঙ্কের জুয়ার আসর বসছে, অথচ মূল অভিযুক্ত বা তথাকথিত “রাঘব বোয়ালরা” এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে।
সাধারণ মানুষের দাবি, জুয়ার বিরুদ্ধে আরও ধারাবাহিক ও কঠোর অভিযান চালিয়ে মূল চক্রের হোতাদের গ্রেপ্তার করা হোক। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেআইনি জুয়ার বিরুদ্ধে অভিযান চলবে এবং শহরকে অপরাধমুক্ত রাখতে নজরদারি আরও বাড়ানো হবে।
