আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি || রাজধানীর রবীন্দ্রভবন প্রাঙ্গণের সামনে “বিভাজন নয়, সম্প্রীতি আমাদের ঐতিহ্য” এই স্লোগানকে সামনে রেখে জিএমপির ২৩তম কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে এক প্রকাশ্য জনসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে রাজ্যজুড়ে দলের নেতা-কর্মী ও সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বৃন্দা কারাত, রাধা চরণ দেববর্মা, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। বক্তৃতায় নেতৃবৃন্দ দেশ ও রাজ্যে সম্প্রীতি বজায় রাখা, সামাজিক ঐক্য রক্ষা এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
বক্তারা বলেন, বহুত্ববাদ ও পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্যই এই দেশের শক্তি। সেই ঐতিহ্য রক্ষা করতেই জিএমপি ধারাবাহিকভাবে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলছে। সমাবেশ থেকে আগত কর্মী-সমর্থকদের সংগঠিত হয়ে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার বার্তাও দেওয়া হয়।
সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষে দলীয় কর্মসূচি ও ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।
