গোপাল সিং, খোয়াই, ০৪ ফেব্রুয়ারি || নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পরিবারের কাছে নিরাপদে ফিরে এল মানসিকভাবে ভারসাম্যহীন এক যুবতী। কুমারঘাট থানার পুলিশ ও কৈলাসহর ‘ওয়ান স্টপ সেন্টার’-এর যৌথ তৎপরতায় মুখে হাসি ফিরল উত্তর জেলার পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার এক পরিবারের। চলতি মাসের ২ তারিখ নিখোঁজ হওয়া সাজনা বেগমকে আজ তার বাবার হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, চলতি মাসের ২ তারিখ সকালে উত্তর জেলার চুরাইবাড়ি থানার অন্তর্গত পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা আব্দুল জলিলের মেয়ে সাজনা বেগম গরু চরাতে গিয়ে নিখোঁজ হয়ে যান। জন্মগতভাবে তিনি শ্রবণপ্রতিবন্ধী এবং মানসিকভাবে ভারসাম্যহীন বলে পরিবার সূত্রে জানা গেছে।
ঘটনার দিনই গোপন সূত্রে খবর পেয়ে কুমারঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে সাজনাকে উদ্ধার করে কুমারঘাট থানার পুলিশ। তার শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে সেদিন রাতেই তাকে কৈলাসহর ‘ওয়ান স্টপ সেন্টার’-এর হেফাজতে পাঠানো হয়।
ওয়ান স্টপ সেন্টার কর্তৃপক্ষের তৎপরতা ও সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর পরিবারের সদস্যরা সাজনার খোঁজ পান। আজ দুপুরে তার বাবা আব্দুল জলিল কৈলাসহর ওয়ান স্টপ সেন্টারে পৌঁছান। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাজনাকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও একবার নিখোঁজ হয়েছিলেন সাজনা। সেবার দীর্ঘ সাত মাস পর তার সন্ধান পাওয়া গিয়েছিল। এবার দ্রুত সময়ে মেয়েকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার।
পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার দ্রুত পদক্ষেপে একটি পরিবার আবার একত্রিত হওয়ায় সাধারণ মানুষ প্রশাসনের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।
