গোপাল সিং, খোয়াই, ১৩ ফেব্রুয়ারী || ঊনকোটি জেলার কৈলাসহরের পাইতুরবাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন তিন যুবক। তাঁদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার গভীর রাতে দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একটি বাইক শহর দিক থেকে পাইতুরবাজারের দিকে যাচ্ছিল, অপরটি বিপরীত দিক থেকে আসছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইক সরাসরি মুখোমুখি ধাক্কা খায়। সংঘর্ষের অভিঘাতে দুই বাইকের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। আহতদের উদ্ধার করে কৈলাসহর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাস্তার দু’পাশে ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয় এবং সাময়িক যানজটের সৃষ্টি হয়। কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি (নম্বর TR02K5734 ও TR05F7813) উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে দুর্ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে একটি ইলেকট্রিক অটোকে ঘিরে। অভিযোগ, দুর্ঘটনাস্থল অতিক্রম করার সময় অটোচালক গতি না কমানোয় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা চালককে আটক করে পরে পুলিশের হাতে তুলে দেয়।
