২৮ বোতল বিলেতি মদ সহ যুবক আটক, স্পেশাল সিভিল টিম ও মহিলা থানার যৌথ অভিযানে সাফল্য

গোপাল সিং, খোয়াই, ১৩ ফেব্রুয়ারী || খোয়াই শহরে অবৈধ বিলেতি মদ বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমে ২৮ বোতল মদ ও একটি মোটরবাইকসহ এক যুবককে আটক করল পুলিশ। খোয়াই জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে গঠিত ‘স্পেশাল সিভিল টিম’ এবং মহিলা থানার যৌথ উদ্যোগে এই সাফল্য আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম বিক্রম দেববর্মা, বাইজালবাড়ী থানার অধীন বেলছড়া এলাকার বাসিন্দা। অভিযানের সময় তাঁর কাছ থেকে ২৮ বোতল বিলেতি মদ উদ্ধার করা হয় এবং ব্যবহৃত মোটরবাইকটিও আটক করা হয়েছে।
অভিযোগ, শহরের উপকণ্ঠে দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে অবৈধভাবে বিলেতি মদের লেনদেন চলছিল। স্থানীয়দের দাবি, সকাল থেকেই কাউন্টারগুলির সামনে মদ সরবরাহ ও বিতরণ হয়। তবে এতদিন বিষয়টি প্রশাসনের নজরে না আসায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে, প্রকাশ্যে মদ বিক্রির অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে ক্ষোভের সুর শোনা যাচ্ছে। তাঁদের দাবি, নিয়মিত নজরদারি জোরদার হলে এমন ঘটনা রোধ করা সম্ভব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*