গোপাল সিং, খোয়াই, ১৩ ফেব্রুয়ারী || ঊনকোটি জেলার গৌরনগর ব্লক অফিসের বিপরীতে এক দিনমজুর পরিবারের বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল সম্পূর্ণ বাড়ি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিবারের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ খতিয়ে দেখছে প্রশাসন। আগুন লাগার পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও পর্যাপ্ত জল না থাকায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে আশপাশের পুকুর থেকে জল সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পরিস্থিতি সামাল দিতে কৈলাসহর থানার ওসি তাপস মালাকার ও এসআই দেবব্রত শীল-সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছান।
অগ্নিকাণ্ডে দিনমজুর দয়াল বাউরির পরিবারের সমস্ত আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, অবিলম্বে প্রশাসনিক সহায়তা ও আর্থিক অনুদান না মিললে এই নিঃস্ব পরিবারের পক্ষে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হবে। প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
