স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে এমএলএ কাপে মাঠে নামছেন শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসকরা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ ফেব্রুয়ারী || চিকিৎসা পরিষেবায় নিষ্ঠা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসকরা। প্রতিদিনের ব্যস্ত দায়িত্ব সামলেও তাঁরা এবার সমাজের বৃহত্তর স্বার্থে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। স্বাস্থ্য সচেতনতার বিশেষ বার্তা নিয়ে কাঞ্চননগরে আয়োজিত মর্যাদাপূর্ণ এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল।
জেলা হাসপাতালের এমএস ডা. জে. এস. রিয়াং, ডা. অজয় পাল, ডা. প্রসেনজিৎ দাস, ডা. পুষ্পল চৌধুরী, ডা. শান্তনু দাস ও ডা. উমাকান্ত আচার্য্য প্রতিনিয়ত রোগীদের সেবায় আত্মনিয়োগ করে চলেছেন। রোগমুক্তির মাধ্যমে তাঁরা মানবতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করছেন। চিকিৎসকদের এই মানবিক সেবা কার্যত সমাজে ‘ডাক্তার ভগবানের আরেক রূপ’ হিসেবে প্রতিফলিত হচ্ছে।
চিকিৎসা পরিষেবার পাশাপাশি সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরতেই তাঁদের এই ক্রীড়া অংশগ্রহণ। “সুস্থ দেহ ও সুস্থ মন”—এই বার্তাকেই সামনে রেখে দলটি মাঠে নামছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাত আজ সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে—এই ভাবধারাকে আরও শক্তিশালী করতেই তাঁদের এই উদ্যোগ।
দক্ষিণ ত্রিপুরার চিফ মেডিক্যাল অফিসার ডা. জ্যোতির্ময় দাস এবং গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের রাজ্য কার্যনির্বাহী সদস্য ডা. দেবজ্যোতি মজুমদারের অনুপ্রেরণায় গঠিত এই দল সমাজে ‘টিবি মুক্ত ভারত’ ও ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। উল্লেখ্য, আয়ুস্মান ভারত দেশের অন্যতম বৃহৎ স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি, যার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চিকিৎসকরা বদ্ধপরিকর।
ডা. পল্লব করের দক্ষ নেতৃত্বে দলটি সম্পূর্ণ প্রস্তুত। আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে কাঞ্চননগর স্কুল মাঠে তারা প্রতিযোগিতায় অংশ নেবে। দলের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ডা. অজয় পাল।
চিকিৎসকদের এই উদ্যোগ কেবল একটি ক্রীড়া অংশগ্রহণ নয়, বরং সুস্বাস্থ্য, সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত—যা সমাজে ইতিবাচক বার্তা বহন করবে বলেই মনে করছেন সচেতন মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*