অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণহানি, মহকুমা শাসক অফিসের সামনে মর্মান্তিক দুর্ঘটনা

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৪ ফেব্রুয়ারী || গন্ডাছড়া মহকুমা শাসক অফিসের গেটের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মৃত্যু হল নিরঞ্জন সরকার (৫৫)-এর। তিনি গন্ডাছড়া জেলখানা এলাকার বাসিন্দা এবং মৃত যামিনী সরকারের পুত্র। শনিবার বিকেল আনুমানিক সাড়ে চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নারায়ণপুর বাজার থেকে কেনাকাটা সেরে বাড়ি ফিরছিলেন নিরঞ্জনবাবু। সেই সময় মহকুমা শাসক অফিসের সামনে একটি অজ্ঞাত গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মেরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়ির আঘাতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত ঘটনাটি টের পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. মনি শঙ্কর দাস এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবার দোষী গাড়িচালকের শনাক্তকরণ ও শাস্তির দাবিতে সরব হয়েছেন। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এখন দেখার, পালিয়ে যাওয়া গাড়িটিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে কতটা দ্রুত পদক্ষেপ করে প্রশাসন এবং শোকাহত পরিবার ন্যায়বিচার পায় কি না।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*