বলরাম দেবনাথ, সাব্রুম, ২৬ ফেব্রুয়ারী || বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা নাগাদ সাব্রুম থানায় খবর আসে যে, সাব্রুম নগর পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডে চন্দ্র শেখর রায়ের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী মতীন্দ্র ত্রিপুরা (৪০) মৃত অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
জানা গেছে, মৃত মতীন্দ্র ত্রিপুরা ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের ARDO পদে কর্মরত ছিলেন এবং সাব্রুম পশু হাসপাতালে কর্মরত ছিলেন। তাঁর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দপ্তরের সহকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার তদন্তে ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে সাব্রুম থানার এএসআই চেরাফ্রু মগ সংবাদমাধ্যমকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে বিস্তারিত অনুসন্ধান চালানো হচ্ছে।
