আপডেট প্রতিনিধি, শান্তিরবাজার, ০৩ অক্টোবর || শনিবার দুপুরে শান্তির বাজার থানার অন্তর্গত বেতাগা সাইনবোর্ড এলাকায় জাতীয় সড়কে বাস ও বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত যুবকের নাম দীপঙ্কর তালুকদার (৪০)। তিনি মুহুরীপুর এলাকার বাসিন্দা নিতাই তালুকদারের পুত্র।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার আনুমানিক দুপুর ১টা ২৫ মিনিট নাগাদ বেতাগা সাইনবোর্ড এলাকার কলেজ সংলগ্ন জাতীয় সড়কে টিআর-০১-বি-১৩৯২ নম্বরের একটি বাসের সঙ্গে টিআর-০৮-এ-৬৭০২ নম্বরের বাইকের সংঘর্ষ হয়। জানা গেছে, বাসটি সাব্রুম থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে বাইকটি বীরচন্দ্রনগর বাজার থেকে মুহুরীপুরের দিকে যাচ্ছিল। বেতাগা সাইনবোর্ড এলাকায় পৌঁছানোর পরই দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।
সংঘর্ষের জেরে বাইকচালক ছিটকে জাতীয় সড়কের উপর পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বাইকচালককে উদ্ধার করেন। পরে তাঁকে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দীপঙ্কর তালুকদারকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে পরবর্তী সময়ে শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এদিকে নিহত যুবকের মৃতদেহ বর্তমানে শান্তির বাজার মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
