আধুনিকতার ভিড়েও ৫০ বছর ধরে ঢাকের ছন্দে দুর্গোৎসবের ঐতিহ্য ধরে রেখেছেন বলরাম ঋষি দাস

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৩ অক্টোবর || আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে দুর্গাপূজার উদযাপনের ধরন। ডিজিটাল মিউজিক ও আধুনিক সাউন্ড সিস্টেমের ব্যবহার ক্রমশ বাড়লেও বাংলার চিরাচরিত সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম অঙ্গ ঢাকের গুরুত্ব আজও অমলিন। সেই ঐতিহ্যকে বুকে আগলে রেখে টানা ৫০ বছর ধরে ঢাক বাজিয়ে চলেছেন তেলিয়ামুড়ার ধর্মনগর সুকান্ত পল্লী কালীবাড়ি এলাকার বাসিন্দা বলরাম ঋষি দাস।
পূর্বপুরুষদের কাছ থেকেই ঢাক বাজানোর শিল্পে হাতেখড়ি বলরাম ঋষি দাসের। দীর্ঘ পাঁচ দশক ধরে নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে তিনি এই শিল্পকে ধরে রেখেছেন। সময়ের সঙ্গে দুর্গোৎসবের আয়োজন ও উদযাপনের ধরনে নানা পরিবর্তন এলেও ঢাকের ছন্দ যে বাঙালির শারদোৎসবের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত, তা তাঁর দীর্ঘ অভিজ্ঞতাতেও স্পষ্ট।
দুর্গাপূজার বোধন থেকে শুরু করে সন্ধিপূজা, আরতি কিংবা ধুনুচি নাচ—প্রতিটি পর্বেই ঢাকের বাদ্য উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। ঢাকের তালে মণ্ডপে তৈরি হয় এক অন্যরকম আবেগ ও উৎসবের পরিবেশ।
প্রযুক্তিনির্ভর এই সময়েও পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া এই ঐতিহ্যবাহী শিল্পকে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঁচিয়ে রাখার চেষ্টা করে চলেছেন বলরাম ঋষি দাস। তাঁর ৫০ বছরের এই পথচলা শুধু একজন ঢাকির ব্যক্তিগত শিল্পচর্চা নয়, বরং দুর্গোৎসবের সঙ্গে জড়িয়ে থাকা বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের এক অনন্য দৃষ্টান্ত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*