বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ অক্টোবর || দক্ষিণ জেলার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে শান্তির বাজার জেলা হাসপাতাল প্রাঙ্গণে যাত্রা শুরু করল ‘সানসাইন ফিজিওথেরাপি ক্লিনিক’। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ক্লিনিকের শুভ উদ্বোধন করেন বাইখোড়া ইসকন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভু করুনেশ্বর মাধব দাস।
ডাক্তার সৈরন সাহার উদ্যোগে নির্মিত এই ফিজিওথেরাপি ক্লিনিকটি শান্তির বাজার মহকুমাবাসীসহ দক্ষিণ জেলার বিভিন্ন এলাকার মানুষের জন্য উপকারী হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কাটা, ধূপ প্রজ্বলন এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ক্লিনিকের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে প্রভু করুনেশ্বর মাধব দাসের পাশাপাশি উপস্থিত ছিলেন বুদ্ধ ভান্তেজি, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, পুর পরিষদের ডেপুটি সিও পবিত্র দাস, কাউন্সিলর নেপাল চন্দ্র দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
ক্লিনিকের কর্ণধার জানান, উদ্বোধনের দিন ক্লিনিকে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। ফিজিওথেরাপি সংক্রান্ত চিকিৎসা পরিষেবা হাতের নাগালে আসায় দক্ষিণ জেলার বহু মানুষ উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন প্রভু করুনেশ্বর মাধব দাস।
নতুন এই ক্লিনিকের উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
