বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ অক্টোবর || যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শান্তির বাজারের ইউনিটি পার্কে পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। শুক্রবার সকাল ৯টা নাগাদ শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয় সংলগ্ন ইউনিটি পার্কে শান্তির বাজার পুর পরিষদ, বোকাফা ব্লক, শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয় এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বৃক্ষে জল প্রদান এবং ইউনিটি পার্কে স্থাপিত জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য। পাশাপাশি পার্কে স্থাপিত সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতেও উপস্থিত অতিথিরা মাল্যদান করেন।
অনুষ্ঠানে চেয়ারম্যানের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, পুর পরিষদের ডেপুটি সিও পবিত্র দাস, স্পোর্টস অ্যান্ড কালচারাল স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট নেপালচন্দ্র দাস-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা মহাত্মা গান্ধীর জীবন, আদর্শ, অহিংসার নীতি এবং দেশ গঠনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বর্তমান প্রজন্মের কাছে গান্ধীজির আদর্শ ও চিন্তাভাবনাকে পৌঁছে দেওয়ার গুরুত্বের কথাও উল্লেখ করেন।
এরপর পূর্বে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্বে শান্তির বাজারের প্রতিভাবান শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গান্ধীজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় মানুষের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
