আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী || নতুন ত্রিপুরা গড়ার অঙ্গীকার বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ—এই বার্তাকে সামনে রেখে আগরতলার প্রজ্ঞা ভবন-এ অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ একদিবসীয় কর্মশালা। ত্রিপুরা বিধানসভা-র উদ্যোগে আয়োজিত এই কর্মশালার শীর্ষক ছিল— “জনগণের প্রতি জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জবাবদিহিতা”।
কর্মশালায় বক্তারা বলেন, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং একটি শক্তিশালী ও সুসংহত সমাজ নির্মাণে জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সম্ভাবনাময় ত্রিপুরা উপহার দেওয়ার দৃঢ় সংকল্প নিয়েই এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ন সিং, ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রীবর্গ, বিধায়ক এবং বিভিন্ন সভাধিপতি।
কর্মশালায় জনপ্রতিনিধিদের সাংবিধানিক দায়িত্ব, প্রশাসনিক স্বচ্ছতা, জনমুখী নীতি বাস্তবায়ন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়। বক্তারা উল্লেখ করেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে জনগণের প্রতি দায়বদ্ধতা এবং নৈতিক মূল্যবোধ বজায় রাখা অপরিহার্য।
জনপ্রতিনিধিদের দায়িত্ববোধ আরও সুদৃঢ় করতে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বলে মত প্রকাশ করেন উপস্থিত সকলেই।
