আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ || শহীদ আজম ভগৎ সিং-এর ৯৬তম শহীদ দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হলো সি পি আই (এম) ডুকলি মহকুমা কার্যালয়ে। ডি ওয়াই এফ আই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক নেতৃত্ব।
অনুষ্ঠানে বিভাগীয় কমিটির সভাপতি অরিন্দম বিশ্বাস, রাজ্য কমিটির সদস্য আবুল হুসেন, বিভাগীয় কমিটির সদস্য সুখেনদু চক্রবর্তী ও শান্তনু বিশ্বাস সহ অন্যান্য কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন।
এদিন শহীদ ভগৎ সিং-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় অরিন্দম বিশ্বাস ভগৎ সিং-এর আত্মত্যাগ ও আদর্শের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সময়ে যুবসমাজের মধ্যে দেশপ্রেম ও সমাজ পরিবর্তনের চেতনা জাগিয়ে তুলতে ভগৎ সিং-এর আদর্শ অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন।
অনুষ্ঠানের মাধ্যমে শহীদের স্মৃতিকে স্মরণ করে উপস্থিত সকলেই তাঁর আদর্শকে জীবনের পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করার অঙ্গীকার করেন।
