বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে ১০০ দিনের সচেতনতা অভিযান, সাব্রুমে উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ২৩ মার্চ || বিশ্ব যক্ষা দিবসকে সামনে রেখে যক্ষামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উদ্যোগী হলো দক্ষিণ জেলা স্বাস্থ্য দপ্তর। সোমবার সাব্রুম মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
সাংবাদিক সম্মেলনে মহকুমা স্বাস্থ্য আধিকারিক (SDMO) নৃপেন্দ্র রিয়াং জানান, আগামী ২৪ মার্চ থেকে সাব্রুম মহকুমা জুড়ে টানা ১০০ দিনের একটি নিবিড় সচেতনতা অভিযান চালানো হবে। এই অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে যক্ষা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হবে।
তিনি আরও জানান, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী সাব্রুম মহকুমায় মোট ৪৭ জন যক্ষা রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ২ জন শহর এলাকার বাসিন্দা।
এদিন উপস্থিত চিকিৎসক সৌমিক হাজরা বলেন, বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে আগামীকাল নেতাজি পাড়া এলাকায় মূল অনুষ্ঠানটি পালিত হবে। তিনি জোর দিয়ে বলেন, সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে যক্ষা সম্পূর্ণ নিরাময়যোগ্য—এই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
রোগ নিয়ে অযথা ভীতি ও কুসংস্কার দূর করতে স্বাস্থ্য দপ্তর সংবাদমাধ্যমের সক্রিয় সহযোগিতাও কামনা করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*