সুব্রত দাস, গন্ডাছড়া, ২৬ মার্চ || আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাইমাভ্যেলী। বুধবার এক বিশাল বর্ণাঢ্য র্যালির মাধ্যমে গন্ডাছড়া মহকুমা শাসক অফিসে নিজেদের মনোনয়ন পত্র জমা দিলেন তিপ্রা মথার দুই মনোনীত প্রার্থী। ৮-গঙ্গানগর-গন্ডাছড়া কেন্দ্রের প্রার্থী ক্ষত্র জয় রিয়াং এবং ২৪-রাইমাভ্যেলী কেন্দ্রের প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা আজ তাদের হাজার হাজার সমর্থকদের নিয়ে মহকুমা শাসকের কাছে মনোনয়ন দাখিল করেন। এদিন গন্ডাছড়া এলাকা তিপ্রা মথার কর্মী-সমর্থকদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার জাতি জনজাতি মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ-গান এবং বাদ্যযন্ত্রের তালে তালে র্যালিতে পা মেলান। প্রার্থীদের সমর্থনে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। দলীয় শক্তি প্রদর্শনের এই মিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন এডিসি-র ইএম (EM) রাজেশ ত্রিপুরা, রাইমাভ্যেলী বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং সহ দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও জেলাস্তরের কার্যকর্তারা। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে প্রার্থীরা জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেন। তারা জানান, এলাকার জাতি জনজাতির উন্নয়ন এবং জনজাতির অধিকার রক্ষায় তিপ্রা মথা বদ্ধপরিকর। উপস্থিত নেতৃত্বরা দাবি করেন, এই বিশাল জনসমাগমই প্রমাণ করছে যে রাইমাভ্যেলীর মানুষ তিপ্রা মথার প্রার্থীদের প্রতি কতটা আস্থাশীল। উৎসবমুখর পরিবেশে এই মনোনয়ন কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
