ঢাক-ঢোলের তালে রাইমাভ্যেলীতে বিজেপির মনোনয়ন, নজর কাড়ল শক্তি প্রদর্শন

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৬ মার্চ || ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC)-এর আসন্ন নির্বাচনে ২৮টি আসনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বর্তমানে এডিসি-তে তিপ্রা মথার শাসন থাকলেও, রাজ্যে ক্ষমতাসীন বিজেপি প্রতিটি আসনে জয়ের লক্ষ্যে জোরকদমে প্রচার চালাচ্ছে।
বুধবার ধলাই জেলার রাইমাভ্যেলী মহকুমার অন্তর্গত দুটি গুরুত্বপূর্ণ আসনে হাজার হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি মনোনীত প্রার্থীরা।
এদিন ৮-গঙ্গানগর-গন্ডাছড়া এডিসি কেন্দ্রের প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং এবং ২৪-রাইমাভ্যেলী এডিসি কেন্দ্রের প্রার্থী সমীর রঞ্জন ত্রিপুরা গন্ডাছড়া মহকুমা শাসক (SDM) দপ্তরে গিয়ে তাঁদের মনোনয়ন পেশ করেন।
মনোনয়ন জমা দেওয়ার আগে গন্ডাছড়া মহকুমা সদর এলাকায় বিশাল মিছিলের আয়োজন করা হয়। ঢাক-ঢোল, স্লোগান এবং দলীয় পতাকায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক এই মিছিলে অংশ নেন।
বর্তমান এডিসি প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে এদিন কার্যত শক্তি প্রদর্শন করে বিজেপি শিবির।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, জেলা বিজেপির সভাপতি প্রতিরাম ত্রিপুরা, সহ-সভাপতি বিকাশ চাকমা সহ দলের অন্যান্য নেতৃত্ব।
মনোনয়ন দাখিল শেষে বিজেপি নেতৃত্বের দাবি, এডিসি-র ২৮টি আসনেই এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। তাঁদের মতে, বর্তমান এডিসি প্রশাসনের কাজে সাধারণ মানুষ বীতশ্রদ্ধ এবং উন্নয়নের স্বার্থে জনগণ এবার বিজেপি প্রার্থীদেরই সমর্থন জানাবেন। পাশাপাশি ‘ডাবল ইঞ্জিন’ সরকারের সুফল পাহাড়ে পৌঁছে দিতে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*