গোপাল সিং, খোয়াই, ০১ এপ্রিল || মঙ্গলবার পবিত্র মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে সরকারি নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সমস্ত মদের কাউন্টার বন্ধ রাখা হয়। তবে কাউন্টার বন্ধ থাকলেও খোয়াই শহরে, বিশেষ করে সুভাষপার্ক আউটপোস্টের অধীন বিভিন্ন অলিগলিতে মদের অবৈধ কারবার চলেছে বলে অভিযোগ উঠেছে। যদিও সুভাষপার্ক এলাকার বিভিন্ন অলিগলিতে মদের রমরমা ব্যবসার খবর পেয়ে অভিযান চালায় খোয়াই থানার পুলিশ।
জনগণের অভিযোগ, এদিন মদের কাউন্টারগুলো বন্ধ থাকলেও কিছু অসাধু চক্র কাউন্টারের কর্মীদের মাধ্যমেই অলিগলিতে মদ সরবরাহ ও বিক্রি চালিয়ে যায়। শেষে স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে আজ সুভাষপার্ক এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়। ধৃত ব্যক্তির নাম রঞ্জিত দেবনাথ। পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ড ও মাপের ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। ধৃতের বিরুদ্ধে ৬৯ টিই (TE Act) ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত রঞ্জিত দেবনাথের বিরুদ্ধে একটি প্রসিকিউশন রিপোর্ট (PR) জমা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মহাবীর জয়ন্তীর মতো পবিত্র দিনে মদের এমন অবৈধ কারবার বন্ধ করতে পুলিশি নজরদারি আরও জোরদার করা প্রয়োজন ছিল। বিশেষ করে আবাসিক এলাকাগুলোতে যাতে এই ধরণের অসামাজিক কার্যকলাপ চলতে না পারে, তার জন্য কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন জনগণ।
