গোপাল সিং, খোয়াই, ০১ এপ্রিল || খোয়াই আশারামবাড়ী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে খোয়াই থেকে কমলপুর যাওয়ার পথে পুলিশের জালে ধরা পড়ল চার বাংলাদেশী নাগরিক। সোমবার ‘সিভিল টিম’ ও খোয়াই থানার পুলিশ তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে থেকে আশারামবাড়ী হয়ে ভারতে প্রবেশের জন্য তারা দালালচক্রকে মোটা অংকের টাকা দেয়। এরপর জন প্রতি ৪ হাজার টাকার বিনিময়ে এক ভারতীয় দালালের সহায়তায় একটি অটো করে তারা খোয়াই পুরান (মহারাজগঞ্জ) বাজার পর্যন্ত আসে। সেখান থেকে পুনরায় অন্য একটি অটো করে কমলপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় টাকা নিয়ে বচসার জেরে বিষয়টি প্রকাশ্যে আসে।
সূত্র মারফত জানা গেছে, পরবর্তী সময় অটো চালক তাদের কাছে জন প্রতি ৪ হাজার টাকা দাবি করলে ওই বাংলাদেশী নাগরিকরা জানায় যে তাদের কাছে আর কোনো টাকা নেই। পাওনা টাকা না পেয়ে অটো চালক দ্রুত পুলিশকে খবর দেন। সংবাদের ভিত্তিতে ‘সিভিল টিম’ ও খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
ধৃতরা হলো: ১. আব্দুল মিয়া (৪৫), পিতা- ফুল মিয়া। ২. শামল মিয়া (৫৫), পিতা- উমাদ আলী। ৩. হেলাল মিয়া (৪০), পিতা- চান মিয়া ৪. আব্দুল বাজিদ সোহাগ (২৪), পিতা- আব্দুল হান্নান।
ধৃত চারজনেরই বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কাকভলা থানা এলাকায়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করছে খোয়াই থানার পুলিশ। সীমান্ত পারাপারে সক্রিয় দালালচক্রের সন্ধান পেতেও তদন্ত শুরু হয়েছে।
