নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০১ এপ্রিল || ২৭-পূর্ব মুহুরীপুর ভূরাতলী এডিসি কেন্দ্রের অন্তর্গত পংবাড়ী বাজার সংলগ্ন এলাকায় আজ দুপুর প্রায় বারোটা নাগাদ ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে সভার কার্যক্রম শুরু হয় এবং এতে জনজাতি অংশের মহিলাদের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়।
এদিনের সভাটি অনুষ্ঠিত হয় ২৭ পূর্ব মুহুরীপুর ভূরাতলী আসনে বিজেপি মনোনীত প্রার্থী অভিজিত ত্রিপুরার সমর্থনে। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত, ৩৯ ও ৪০ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি গৌতম ত্রিপুরা, বিপুল ভৌমিকসহ দলের অন্যান্য নেতৃত্ব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গত পাঁচ বছরে এডিসিতে তিপরা মথা দল শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধি করেছে। ২০২১ সালের নির্বাচনে জনজাতি মানুষের উন্নয়ন ও গ্রেটার তিপরাল্যান্ডের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়েও তারা কোনো উদ্যোগ বা আন্দোলন করেনি বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ত্রিপুরার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে এবং আগামী দিনেও উন্নয়নের এই ধারা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
