আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল || আগরতলা শহরতলির লঙ্কামুড়া বিন পাড়ার বাসিন্দা অমর চান সরকার আজ কৃষিকাজের মাধ্যমে স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি কৃষির সঙ্গে যুক্ত থেকে সংসার প্রতিপালন করে আসছেন। বর্তমানে তিনি আনসিজনের বিভিন্ন ধরনের সবজি চাষ করে এলাকায় বিশেষ পরিচিতি লাভ করেছেন।
জানা যায়, অমর চান সরকার তার জমিতে ব্রুকলি, লেটুস, লাল বাঁধাকপি সহ নানা ধরনের উচ্চমূল্যের সবজি উৎপাদন করছেন, যা সাধারণত বাইরের রাজ্য থেকে আমদানি করতে হয়। এইসব সবজি চাষের ফলে একদিকে যেমন তার আয় বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে স্থানীয় বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়েছে।
স্থানীয় বাজারের ব্যবসায়ীদের মতে, বাইরের রাজ্য থেকে এসব সবজি আনতে যে পরিমাণ খরচ হয়, তার তুলনায় অমর চান সরকারের কাছ থেকে কম দামে এসব পণ্য পাওয়া যাচ্ছে। ফলে ব্যবসায়ীদের যেমন সুবিধা হচ্ছে, তেমনি সাধারণ ক্রেতারাও সাশ্রয়ী দামে পুষ্টিকর সবজি পাচ্ছেন।
অমর চান সরকারের এই উদ্যোগ শুধু তার নিজের জীবনযাত্রার মান উন্নয়নই করেনি, বরং এলাকার অন্যান্য কৃষকদেরও আধুনিক ও লাভজনক চাষাবাদের দিকে উৎসাহিত করছে।
