শেষ দিনে জমজমাট প্রচার, বৈষ্ণবপুর বাজারে সিপিআই(এম) প্রার্থীর পথসভা

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০১ এপ্রিল || আগামী ১২ই এপ্রিল অনুষ্ঠিতব্য স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচার। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ প্রচারে শামিল হয়।
এদিন সাব্রুম মহকুমার অন্তর্গত বৈষ্ণবপুর বাজারে সাপ্তাহিক হাটকে কেন্দ্র করে জমে ওঠে নির্বাচনী প্রচার। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সিপিআইএম প্রার্থী উচাথৈই মগ-এর সমর্থনে দলীয় নেতৃত্বরা বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পথসভা করেন।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন ২৮-শিলাছড়ি মনুবনকুল কেন্দ্রের সিপিআইএম প্রার্থী উচাথৈই মগ, সিপিআইএম সাব্রুম বিভাগীয় কমিটির সদস্য চিত্তরঞ্জন বসাক এবং সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্তসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
পথসভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রার্থী উচাথৈই মগ বলেন, গত পাঁচ বছরে এডিসি এলাকায় তিপ্রামথা সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনও উন্নয়ন হয়নি। তিনি দাবি করেন, জমি সমস্যা থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষের নানা সমস্যার কথা তিনি প্রচারের সময় প্রত্যন্ত এলাকায় গিয়ে শুনেছেন।
তিনি আরও বলেন, “গণদেবতারা এবার আমাদের উপর আস্থা রাখবেন এবং ভোটের মাধ্যমে জয়ী করে এডিসি এলাকার উন্নয়নের পথ সুগম করবেন।” আসন্ন নির্বাচনে নিজের জয় নিয়ে তিনি শতভাগ আশাবাদী বলেও জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*