এলাকার প্রয়াতদের স্মৃতির উদ্দেশ্যে হরিনাম সংকীর্তন: খোয়াই পশ্চিম গণকীতে অভিনব উদ্যোগ

গোপাল সিং, খোয়াই, ২৭ এপ্রিল || খোয়াইয়ের পশ্চিম গণকী উত্তরপাড়া এলাকায় এক অভিনব ও ব্যতিক্রমী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এলাকার পরলোকগত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে এক বিশেষ চতুঃপ্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন স্থানীয় বাসিন্দারা। সাধারণত বিভিন্ন পূজা বা ব্যক্তিগত মানত উপলক্ষে সংকীর্তনের আয়োজন করা হলেও, এলাকার সমস্ত প্রয়াতদের আত্মার শান্তির কামনায় এই ধরণের গণ-আয়োজন রাজ্যে এক নতুন চিন্তাভাবনার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন গুণীজনেরা।

  • খোয়াই চর গণকী কালীবাড়ি সংলগ্ন এলাকায় আয়োজিত এই উৎসবটি দুই দিনব্যাপী চলবে। আজ আনুষ্ঠানিকভাবে গঙ্গা আহ্বানের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়। এই পবিত্র লগ্নে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মূলত পূর্বপুরুষ ও প্রয়াত প্রতিবেশীদের শ্রদ্ধা জানানোর এই নুতন প্রয়াসকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে এক অনন্য ভক্তিভাব ও সংহতি পরিলক্ষিত হচ্ছে।

সূচী অনুযায়ী, আগামীকাল ভোর থেকে মূল নাম সংকীর্তন শুরু হবে। দিনভর হরিনাম সংকীর্তনের অমৃত ধারায় ভাসবে গোটা এলাকা। উৎসবের শেষ দিনে অর্থাৎ আগামীকাল দুপুরে উপস্থিত সকল ভক্ত ও গ্রামবাসীর মধ্যে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়দের মতে, মৃত ব্যক্তিদের স্মরণে এই ধরণের সম্মিলিত মহতী উদ্যোগ সম্ভবত রাজ্যে এই প্রথম। খোয়াইয়ের পশ্চিম গণকী এলাকার এই সৃজনশীল ও আধ্যাত্মিক ভাবনা এখন জেলাজুড়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*